নিজস্ব প্রতিনিধি:- আউশগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে মহম্মদ পাপ্পু ও মহম্মদ ইমতিয়াজ নামে দুই দুস্কৃতীকে গ্রেফতার করা হল। ঝাড়খণ্ডের জামতাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের ধরা হয় বলে জানা গিয়েছে। ধৃতরা খুনের ঘটনায় অস্ত্র সরবরাহ করেছিল বলে আপাতত জানতে পেরেছে পুলিশ।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল যুবনেতা চঞ্চল বক্সি খুনে সুপারিকিলার কাজে লাগানো হয় বলে জানতে পারে পুলিশ। তাদের সন্ধান করতে গিয়ে এই দুজনের নাম উঠে আসে। পুলিশ জানতে পেরেছে চঞ্চলকে খুনের জন্য সুপারি কিলারদের সঙ্গে ৬ লক্ষ টাকা রফা হয়েছিল ধৃত আসানুর মণ্ডলের।খুনের সময় চারজন সুপারিকিলার আউশগ্রামে ছিল।
এখানে উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর খুন হন দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে তৃণমূলের প্রাক্তন অঞ্চল যুব সভাপতি চঞ্চল বক্সি। এই খুনের ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু হয়। ৬ দিনের মাথায় পুলিশ গ্রেফতার করে দেবশালা অঞ্চল যুব তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েতের সদস্য আসানুর মণ্ডল, আর এক পঞ্চায়েত সদস্য মনির হোসেন মোল্লা এবং তৃণমূলের দেবশালা অঞ্চল সভাপতির ছেলে বিশ্বরূপ মণ্ডলকে। তাদের জেরা করে পুলিশ ভাতকুন্ডা গ্রামের আয়ূব খান নামে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। আয়ূব আসানুরের ছায়াসঙ্গী ছিল।
আরো পড়ুন:- কাঁকসার এক বিদ্যুৎ সরঞ্জাম এবং ইলেক্ট্রনিক্সের দকানে আগুন লেগে ভস্মীভূত দোকান
এরপর ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় চারজন সুপারিকিলার কাজে লাগানো হয়। তারা বাইক নিয়ে আউশগ্রামেের গেরাই জঙ্গলে গিয়ে কাজ হাসিল করে চলে যায়।শুক্রবার ধৃত দুজনকে বর্ধমান আদালতে তোলা হয়।
