সোমনাথ মুখার্জী, অন্ডাল :- বুধবার অন্ডাল ব্লকের জেলা নেতৃত্বকে সংবর্ধনা সভা অনুষ্ঠানে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। অন্ডাল ব্লকের জেলা নেতৃত্বকে সংবর্ধনা ও কর্মিসভা ছিল অন্ডালের খাঁদরার একটা কমিউনিটি হলে।এই অনুষ্ঠান ঘিরে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা জমায়েত হয় এলাকায়। কিন্তু খাঁদরা এলাকার তৃণমূল একাংশ কর্মীদের অভিযোগ ব্লক সভাপতি কালোবরণ মণ্ডল তাদের সাথে পক্ষপাতিত্ব করছেন। কেননা এত বড় অনুষ্ঠান যেখানে ব্লকের প্রায় সকলকেই জানানো হয়েছে অথচ জানানো হয়নি শুধু খাঁদরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীদের । বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সমিতির নেত্রী সন্ধ্যা ধীবর,রীতাদেবী সিং ও পঞ্চায়েত সদস্য আশীষ ভট্টাচার্য অভিযোগ করেন ব্লক সভাপতির বিরুদ্ধে।
পঞ্চায়েত সদস্য তথা খাঁদরা অঞ্চল সভাপতি আশীষ ভট্টাচার্য জানান, আজ যেখানে অনুষ্ঠান তার থেকে ঢিল ছোড়া দূরত্বে তাদের তৃণমূল কংগ্রেস কার্যালয় অথচ এখানে যে অনুষ্ঠান সে বিষয়ে তারা কিছুই জানেন না। তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেসের জন্য আমরা জান দিয়ে খেটেছি ।
কিন্তু যারা অন্য দল থেকে তৃণমূলে এসেছে ব্লক সভাপতি তাদের নিয়েই সভা ,অনুষ্ঠান করছেন। বাদ পড়ছে শুধু প্রকৃত তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভের কথা উগরে দেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের কাছে ।
এ বিষয়ে জেলা সভাপতি জানান, তৃণমূল দলে সবাইকে নিয়ে থাকতে হবে । যদি কেউ মনে করেন একা থাকবেন তবে দল তার সাথে নেই, তাকেই একা থাকতে হবে ।

