ওয়েব ডেস্ক :- এবার লোকাল ট্রেনের প্রতি কামরাতে বসানো হবে টিভি।জানা গিয়েছে, টিভিতে সোশ্যাল মেসেজের পাশাপাশি লোকাল ট্রেনের কামরায় প্রচার হবে বিজ্ঞাপন। যাত্রীরা স্বল্পদৈর্ঘ্যের নান্দনিক বিষয়ও দেখতে পারবেন।
উল্লেখ্য, এই টিভি প্রথম চালু হয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেনগুলিতে। হাওড়া ডিভিশনের যাত্রীরা হবেন দেশের মধ্যে দ্বিতীয় স্তরের সৌভাগ্যবান, এই টিভি দেখার সুযোগ পাবেন যাঁরা ট্রেনে বসে। ১৯৬৯ সালে ট্রেনে প্রথম বিনোদনমূলক অডিও চালু হয়েছিল। হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসে। বাজানো হত সেতার, সরোদ, গিটারের মতো বাদ্যযন্ত্রের সুর। এরপর তা চালু হয় বিভিন্ন রাজধানী এক্সপ্রেসেও। পরে সাধারণ মেল, এক্সপ্রেসের মধ্যে প্রথম গীতাঞ্জলি এক্সপ্রেসে অডিওতে বাজতে শুরু করে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি।সাম্প্রতিক কালে মিউজিক সিস্টেম লোকাল ট্রেনেও চালু হয়েছে। তবে পূর্বাঞ্চলে এই প্রথম বাণিজ্যিকভাবে লোকালে টিভি চালু হচ্ছে।সৌজন্যে হাওড়া ডিভিশন।
আরো পড়ুন:- অন্ডালে বাস ও লরির সংঘর্ষ,গুরুতর আহত চারজন
হাওড়ার ডিআরএম তথা মণীশ জৈন জানান, এজন্য ডাকা হচ্ছে টেন্ডার। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের কামরাতে আগামী তিন-চার মাসের মধ্যে এই টিভির দেখা মিলবে। প্রচারের বিষয়গুলি হবে প্রি-রেকর্ডেড। সেগুলি চালক ও গার্ডের কামরা থেকে নিয়ন্ত্রিত হবে স্বয়ংক্রিয়ভাবে। মনে করা হচ্ছে, যাত্রীদের বিনোদন হবে রেলের এই উদ্যোগে। একইসঙ্গে যাত্রীদের বিনোদনের পাশাপাশি বিজ্ঞাপনের জন্য রেলের কোষাগারে টাকাও আসবে কিছুটা।
