ওয়েব ডেস্ক:- গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। আগামী সোমবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। ৫৯ বছর বয়সী ভূপেন্দ্র প্যাটেল বর্তমানে রাজ্যের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহমেদাবাদ পৌরসভা কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ভূপেন্দ্র প্যাটেল।গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লক্ষ ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
শনিবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।ইস্তফা দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরও তিনি সাংগঠনিক কাজ করবেন। তবে, হটাৎ তাঁর ইস্তফা দেওয়ার কারণ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা।তার পরই নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের উপর। বিজেপির পরিষদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিতে রবিবার গুজরাটে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এরপরেই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়।
