নিজস্ব প্রতিনিধি:- পূর্ব বর্ধমানের আউশগ্রামের দেবশালার তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। খুনের ঘটনায় ধৃত দুই সুপারি কিলার শেখ শের আলি ও ইমরান কুরেশিকে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায়। তারপর ধৃতরা কিভাবে চঞ্চলকে গুলি খুন করেছিল তা অভিনয় করে দেখায়। ঘটনার দিন চঞ্চলকে খুন করার জন্য ধৃতরা একটি বাইকে চড়ে আসে।
গেঁড়াই গ্রামের কাছে কুনুর সেতুর পাশে একটি হোটেলের বাইরে ধৃতরা দীর্ঘক্ষণ আপেক্ষা করে। ততক্ষণে গেঁড়াই থেকে দেবশালার প্রধান শ্যামল বক্সিকে বাইকে চাপিয়ে নিয়ে ফিরছিলেন তার ছেলে চঞ্চল বক্সি। তখন তাদের পিছু নেয় ধৃত শের আলি ও ইমরান কুরেশি। ইমরানের বাইকের পিছনে ছিল শের আলি। আর চঞ্চলকে চেনানোর জন্য অন্য একটি বাইক নিয়ে তাদের সঙ্গে যায় আরও একজন।
আরো পড়ুন:- ভারতের বায়ুসেনার নয়া প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী
তারপর ভাতকুণ্ডা ঢোকার আগে জঙ্গলের রাস্তাতেই চঞ্চলকে খুব কাছ থেকে গুলি করে শের আলি। এরপর কিছুটা যাওয়ার পরেই গা ঢাকা দিতে শের আলি বাইকে যাওয়ার সময়ই নিজের জামা খুলে ফেলে দিয়ে অন্য জামা পড়ে নিয়ে ভাতকুণ্ডা হয়ে এলাকা থেকে চম্পট দেয়। আর জামা খোলার সময় অসাবধানতাবশত খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি রাস্তার উপরে পড়ে যায়। ধৃত শের আলির জামা ও আগ্নেয়াস্ত্রটি আগেই সিজ করেছিল পুলিশ। পুলিশের সামনে এদিন গোটা খুনের ঘটনাটি নাটকের মত করে দেখায় ধৃতরা।
