নিজস্ব প্রতিনিধি:- বুধবার পূর্ব বর্ধমানের দেবীপুর রেল সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় । রাস্তার অবরোধের পাশাপাশি স্থানীয়রা বর্ধমান হাওড়া মেইন শাখার দেবীপুর স্টেশনে রেল অবরোধ করে । এর ফলে একদিকে যেমন যান চলাচল থমকে যায় তেমনি রেল অবরোধের ফলে দূরপাল্লার ট্রেন থেকে লোকাল ট্রেন আটকে পড়ে ।
দেবীপুর জিটি রোড থেকে বুলবুলি তলা পর্যন্ত রাস্তা সারাই হলেও দেবীপুর রেলগেট এলাকার কিছুটা অংশ মেরামত না করার ফলে সেখানে নিত্যদিন দুর্ঘটনা লেগেই আছে । এলাকার মানুষের দাবী, ওই স্থানটি রেল এবং পূর্তদপ্তর দুপক্ষের উদাসীনতার ফলে ওই স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । যার ফলে ওই জায়গায় মানুষ প্রতিদিন বিপদের সম্মুখীন হচ্ছে ।
আরো পড়ুন:- বীরভূমের ছোট শিমুলিয়া গ্রামে গুলি চালিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ
বুধবার সকালে একটি টোটো ওই স্থানে উল্টা যাবার ফলে এক বৃদ্ধা ওই টোটোর নিচে চাপা পড়ে, বড় কোন বিপদ না হলেও এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তারা পথ ও রেল অবরোধ করে ।খবর পেয়ে মেমারি থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর তাদের দাবি মেনে নিলে অবরোধ উঠে যায় ।
এদিকে রেল অবরোধ থাকার ফলে নিত্যযাত্রীরা গেটম্যানের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ও রেল অবরোধ তুলতে গেলে তাদের সাথে বিক্ষোভকারীদের বচসা বাধে। তবে অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দেয় ।
