শুভময় পাত্র, বীরভূম:- বীরভূমের ছোট শিমুলিয়া গ্রামে গুলি চালিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ । ধৃতদের নাম ভুলন খান ও সমির হেমব্রম । মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ধৃতদের বোলপুরের আরতি সিনেমা হল ও সিমাইত গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের বোলপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত,গত রবিবার রাত্রে দুষ্কৃতীদের গুলিতে আহত এক কিশোর। বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট শিমুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত্রে ১৭ বছরের মহাদেব মেটে টিউশন পরে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎই তার পথ আগলায় দুষ্কৃতীরা । এরপরই তার কাছ থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
আরো পড়ুন:- কোর্টের অর্ডার নিয়ে অভিযুক্ত ছেলে শেখ নয়নকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে মায়ের কঙ্কাল উদ্ধার করলো পুলিশ
সেই সময় ওই কিশোর বাধা দিতে গেলে তার পা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ । আহত মহাদেব মেটে নামে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তদন্ত করে বোলপুর থানার পুলিশ ১টি ওয়ান সাটার বন্দুক, ১ রাউন্ড গুলি, চুরি যাওয়া মোবাইল ফোন ও ঘটনায় ব্যবহার করা মোটরবাইকটি উদ্ধার করেছে পুলিশ ।
