নিজস্ব প্রতিনিধি:- মার্জার কান্ডে হৈচৈ বর্ধমানের নতুনপল্লীতে।সোমবার দিনভর বাড়ির কার্নিসে আটকে পড়া বিড়াল উদ্ধারে ঘাম ছুটলো পুরো দমকল বাহিনীর। শেষ পর্যন্ত ওই বিড়াল উদ্ধার করে হাফ ছেড়ে বেচেছেন সকলে। রবিবার রাতে একটি সাদা বিড়াল কোনোওভাবে আটকে পড়েছিল নতুনপল্লী এলাকার একটি বাড়ির দোতলার কার্নিসে। বিড়ালটি রীতিমতো নামার কসরত করেও নামতে পারেনি। কারণ সে নামলে আহত হতে পারে, এই ভয় পাচ্ছিল। এই আটকে থাকা বিড়ালটির কাতর ডাক শুনে জড়ো হন প্রতিবেশীরা। তারাও কী করবেন ভেবে পাচ্ছিলেন না।
এর মধ্যেই কেউ দমকল কেন্দ্র খবর দেন।তারা আসেন খবর পেয়ে। বারবার নানা ভাবে চেষ্টা চলে। শেষ পর্যন্ত একজন কর্মীকে কার্নিসে তোলা হয়।বিপত্তি ঘটে যখন দিশা না পেয়ে বিড়াল একটি তারে ঝুলে পড়ে।সঙ্গে সঙ্গেই নিচে একটি স্ট্রেচার ধরেন দমকল কর্মীরা।শেষ অবধি ছাড়া পেয়ে বিড়াল ছুট দেয়।তার কোনোও আঘাত লাগেনি।অক্ষত অবস্থায় বিড়াল উদ্ধার করে খুশি দমকলের কর্মীরাও।
