নিজস্ব প্রতিনিধি:- দীর্ঘ তিন বছর পৌরসভার বোর্ড না থাকার সময় পৌরসভার অভ্যন্তরে নাগরিক পরিসেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল। জন্ম থেকে মৃত্যু সার্টিফিকেট থেকে মিউটেশনের কাগজ সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন পরিষেবা পেতে পুরসভায় গিয়ে হয়রানির অভিযোগ করছিলেন বর্ধমান পৌরসভার নাগরিকরা। এবার মুশকিল আসানে সামিল হয়েছে পৌরসভার নতুন প্রশাসক মণ্ডলী।মাস খানেক আগে পৌরসভার প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয় প্রণব চট্টোপাধ্যায় ও সহ প্রশাসক আইনুল হককে।
শুক্রবার নতুন প্রশাসক মণ্ডলী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল৷ কোন কাজের জন্য কতদিন সময় লাগবে সেই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল পৌর প্রশাসক বোর্ড। বর্ধমান পৌরসভায় এবার থেকে কোন পরিষেবা পেতে কত সময় লাগবে, সেই বিষয়ে একটি সনদ প্রকাশ করা হয়েছে যেকোনো নাগরিক এই তালিকায় দেখে নিতে পারবেন কোন পরিসেবার ক্ষেত্রে সর্বোচ্চ কত সময় ব্যয় হতে পারে৷
উক্ত বিষয় নিয়ে কোন অভিযোগ বা জিজ্ঞাসা থাকলে কোন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে,সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে৷ পুরসভার পরিসেবার ক্ষেত্রে স্বচ্ছতা এবং গতি বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সহ প্রশাসক আইনুল হক । উল্লেখ্য, পৌরসভার বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর পরিসেবা পেতে বারবার হয়রানির অভিযোগ ওঠে। কাগজপত্র পেতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হচ্ছিল সাধারণ মানুষকে। পরিসেবার কাজে গতি আনতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
আরো পড়ুন:- সুরক্ষা চেয়ে থানায় উপস্থিত অধ্যাপক,পাল্টা ই-মেইল মারফত থানায় অভিযোগ ছাত্রের
এদিন জানানো হয় কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সেক্ষেত্রে জলের পাইপ লাইন সংক্রান্ত অভিযোগ ৫ দিনের মধ্যে সমাধান করা হবে। জমিজায়গার প্ল্যানের পাওয়ার ক্ষেত্রে ১৫ দিন, জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ দিন, স্যানিটারি ট্যাংক পরিষ্কারের ক্ষেত্রে ১০ দিন, রাস্তার আলো মেরামতের ক্ষেত্রে সর্বোচ্চ ১দিন সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য পরিষেবা সহ মোট ৪১ টি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
