ওয়েব ডেস্ক:-ভারতের বিমান বাহিনী (Indian Air Force) নয়া প্রধান নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী৷ আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া। তাঁর জায়গায় নয়া এয়ার চিফ মার্শাল হচ্ছেন ভি আর চৌধুরী। বায়ুসেনা প্রধান হিসেবে ভিআর চৌধুরীর নিয়োগ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে রয়েছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী। সিনিয়রিটির নীতিতেই বায়ুসেনা প্রধান হিসেবে ভিআর চৌধুরীকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এয়ার মার্শাল ভিআর চৌধুরী নিজে একজন অভিজ্ঞ পাইলট।
গত জুলাই মাসে ভাইস এয়ার চিফ পদে দায়িত্ব নিয়ে চৌধুরী ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের কম্যান্ডার-ইন-চিফ হিসাবে দায়িত্ব সামলেছেন। পাকিস্তান ও চিনের সঙ্গে দুই দিকের সীমান্ত এলাকায় নজরদারি রাখে ওয়েস্টার্ন কম্যান্ড। গতবছর মে মাসে লাদাখে ভারত-চিন সংঘাতের সময় গুরুদায়িত্ব ছিল তার কাঁধে।১৯৮২ সালের ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেন তিনি। তিনি বিভিন্ন যুদ্ধবিমান উড়িয়েছেন ৩৮০০ ঘণ্টারও বেশি সময় ধরে। উল্লেখ্য, অপারেশন মেঘদূত, অপারেশন সফেদ সাগরে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিনি।
বায়ুসেনা অ্যাকাডেমির ডেপুটি কম্যান্ডান্ট, এয়ার স্টাফ অপারেশনের সহকারী প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদ তিনি সামলেছেন। এর আগে ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ (হেডকোয়ার্টার) এবং ইস্টার্ন এয়ার কম্যান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেছেন তিনি।ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটনের প্রাক্তনী চৌধুরীর ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রন এবং ফাইটারে বেসের বিরাট অভিজ্ঞতা রয়েছে তার ।
