নিজস্ব প্রতিনিধি:- বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলার তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে। অভিযোগ, বর্ধমান শহরের লোকো রেল কলোনির বাসিন্দা বিজেপি কর্মী অপূর্ব দাস বুধবার সকালে নিজের টোটো নিয়ে কালনাগেট থেকে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসের সামনে সৈয়দ মহম্মদ সেলিমের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তার রাস্তা আটকায়। তাকে মাটিতে ফেলে মারধর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ।
কোনোভাবে টোটো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন বিজেপি কর্মী অপূর্ব দাস। গোটা ঘটনা নিয়ে বর্ধমান থানার দ্বারস্থ হয়েছেন অপূর্ব বাবু। মহম্মদ সেলিম সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরো পড়ুন:- নামী কোম্পানির লেবেল লাগানো নকল মোবিল উদ্ধার পূর্ব বর্ধমানের বাঁকুড়া মোড় এলাকার একটি দোকান থেকে
অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল নেতা সৈয়দ মহম্মদ সেলিম। এটা কোনো রাজনৈতিক ঝামেলা নয় বলে জানিয়েছেন তিনি। ওই এলাকার একটি মেয়েকে কয়েকদিন ধরে উত্যক্ত করছিন অপূর্ব দাস। মেয়েটির বাড়িতে গিয়ে হুমকিও দিয়েছিল। এনিয়ে দুইপক্ষই আমাদের কাছে এসেছিল, আমরা তাদের বুঝিয়ে মিটমাট করার চেষ্টা করেছি। অপূর্ব দাস এলাকায় বিজেপি করে, আমরা তাকে এই বিষয় নিয়ে সাবধান করেছি মাত্র। আমার বিরুদ্ধে উনি অভিযোগ করেছে,পুলিশ তদন্ত করে দেখুক। আমি দোষী সাব্যস্ত হলে আইন আমার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
