সোমনাথ মুখার্জি ,অন্ডাল:- গত মঙ্গলবার সকালে অন্ডাল পঞ্চায়েতের অন্ডাল গ্রাম ,দুপচুরিয়া, অন্ডাল মোড় সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের ব্লক সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ কালোবরণ মন্ডলের নামে একাধিক পোস্টার নজরে আসে । পোস্টার গুলিতে কালোবরন বাবুর বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির বাহাত্তর লক্ষ টাকা আত্মসাত, কয়লা, বালি পাচারে যুক্ত থাকার অভিযোগের কথা লেখা রয়েছে । সকালে পোস্টার গুলি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বিভিন্ন জায়গায় পোস্টার গুলি দেখতে ভিড় জমান কৌতুহলী বাসিন্দাদের একাংশ ।
এই পোস্টার কাণ্ড নিয়ে আত্মপক্ষ সমর্থনে বুধবার ব্লক সভাপতি কালোবরণ মন্ডল একটি সাংবাদিক বৈঠক করে জানান ,তার বিরুদ্ধে অপপ্রচার করে তাকে সমস্যায় ফেলার চেষ্টা হচ্ছে । এ বিষয়টি ইতিমধ্যেই লিখিতভাবে জেলা সভাপতি সহ রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে । কালোবরণ বাবু সঠিকভাবে এই ঘটনার তদন্তের দাবি করেন। নাম না করে তিনি বলেন দলেরই এই এলাকার প্রাক্তন যুব সভাপতি জড়িত আছে এই ঘটনায়। এরাই একসময় বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিলেন।এখন যৌথভাবে তারা তাকে হেনস্থা করার জন্য এই কাজটা পরিকল্পিতভাবে করেছে। কালোবরণ বাবু জানান দলীয় ভাবে এই ঘটনার তদন্ত হলেই আসল সত্য সামনে আসবে এবং তিনি এ ও বলেন দলীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে দলের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন ।
শেষমেশ অন্ডাল ব্লক এলাকায় তৃণমূলের দলীয় কোন্দল ফের সামনে এল । যদিও এ ব্যাপারে অন্ডাল ব্লকের প্রাক্তন যুব-র সভাপতি রূপেশ যাদব কোনোরকম আমল দিতে নারাজ । তিনি বলেন যেহেতু তাঁর নামে সরাসরি কোনো অভিযোগ নেই এ ব্যাপারে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চান না । রূপেশ বাবু বলেন তিনি ছাড়াও আরও অনেকেই অন্ডাল ব্লকের যুব-র প্রাক্তন সভাপতি ছিল । সুতরাং যেহেতু তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই তাই তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে নারাজ ।
এ প্রসঙ্গে জেলা যুব সভাপতি কৌশিক মণ্ডল জানান ,কালোবরণ বরণ মণ্ডল একজন নিষ্ঠাবান এবং সৎ রাজনীতিবিদ । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ।
