ওয়েব ডেস্ক :- রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ ছিল ২২ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু, তার আগেই তাঁর জায়গায় আনা হল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। পাশাপাশি দিলীপ ঘোষকে BJP-র তরফে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। সোমবারই তাঁকে এই পদে নিয়োগ করা হয়। বিজেপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন নিয়োগের কথা ঘোষণা করেন সর্বভারতীয় মহাসচিব অরুণ সিং।
সুকান্ত মজুমদারকে সভাপতি ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানান দিলীপ ঘোষ। লেখেন, 'ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন।শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সর্বভারতীয় পদ পাওয়ার জন্য দিলীপ ঘোষকে ও সভাপতি পদে আসার জন্য সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দিলীপ ঘোষের সভাপতিত্বেই রাজ্যে চমকপ্রদ উত্থান বিজেপির। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছিল গেরুয়া শিবিক। আবার ২০২১ বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না করতে পারলেও রাজ্যে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের অর্পিতা ঘোষকে পরাজিত করে বালুরঘাট থেকে জয়লাভ করেন তিনি। পেশায় একজন অধ্যপক। দিলীপ ঘোষই তাঁর নাম প্রস্তাব করেছিলেন বলে শোনা যাচ্ছে।
