ওয়েব ডেস্ক:- রাশিয়ার সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি।গতকাল সোমবার ভোট গণনার পর দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। তার বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশেরও কম ভোট। এতে করে ৪৫০ আসনের সংসদ নিম্নকক্ষে ইউনাইটেড রাশিয়া পার্টি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে। ফলে, বিরোধী দলের সহায়তা ছাড়াই যেকোনো আইন পাশ করাতে পারবে ক্ষমতাসীন দলটি। তবে, পুতিনের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলের সদস্যরা।
এদিকে সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার ওপর আস্থা রাখার জন্য রুশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গতকাল সোমবার পুতিন রুশ জনগণকে এই ধন্যবাদ জানান।পুতিন বলেন, ‘আমি রাশিয়ার নাগরিকদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতার কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।'
নির্বাচনের ফলাফলকে স্বাগতম জানিয়ে ক্রেমলিন জানিয়েছে, এটি একটি প্রতিযোগিতামূলক, মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন ছিল। তবে, সমালোচকদের অভিযোগ, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করে নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি করা হয়েছে।এ অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব ভোটকেন্দ্রে কারচুপির প্রমাণ পাওয়া গেছে সেখানকার ফল বাতিল ঘোষণা করা হয়েছে।এ নির্বাচনে পুতিনের সবচেয়ে কঠোর সমালোচকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। তাদের মধ্যে ছিলেন অ্যালেক্সেই নাভালনি, যার কর্মকাণ্ডকে গত জুনে 'কট্টরপন্থী' হিসেবে চিহ্নিত করেছিল আদালত।
আরোপড়ুন:- পর্নোগ্রাফি কাণ্ডে জামিন পেলেন রাজ কুন্দ্রা
এই জয়ের মধ্য দিয়ে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।পুতিনের দল ৫০ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে। ইউনাইটেড রাশিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে প্রায় ১৯ শতাংশ।ইউনাইটেড রাশিয়া ২০১৬ সালের সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে খারাপ করেছে। কারণ, গত নির্বাচনে দলটি ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল।
