শুভময় পাত্র,বীরভূম:- ছাত্রের আতঙ্কে সুরক্ষা চেয়ে থানায় উপস্থিত অধ্যাপক।ঘটনাটি আর কোথাও নয়, এটি বিশ্বভারতীর ঘটনা। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মনিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক ডক্টর সুমিত বসুকে এমনই হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ এর বিরুদ্ধে। কিছুদিন আগে বিশ্বভারতীর ছাত্র আন্দোলনে যে তিন বহিস্কৃত ছাত্র-ছাত্রীর নাম উঠে এসেছিল তাদের মধ্যে সোমনাথ একজন।
অধ্যাপক সুমিত বসুর দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিনের ন্যায় তিনি তার সাইকেলে করে সংগীত ভবন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি এদিক ওদিকে তাকাতে গিয়ে একটি চায়ের দোকানে বসে থাকা সোমনাথ সৌ ও তারই ভবনের এক ছাত্রী দিকে চোখ পড়ে যাওয়ায় দোষ হয়ে যায় মাস্টারমশাইয়ের। শ্যামবাটি বাজারের কাছে মাস্টারমশাইয়ের সাইকেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে অকথ্য ভাষায় অপমান করেন বলে অভিযোগ করেন সুমিত বাবু।
অধ্যাপক সুমিত বসুকে 'উপাচার্যের দালাল' বলেও কটাক্ষ করা হয় বলে জানিয়েছেন তিনি। এই সমস্ত ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ও সম্মানহানি হয়েছে বলে তিনি ওই ছাত্রের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় এক লিখিত অভিযোগ করেছেন, পাশাপাশি সুরক্ষার ও দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।
ভবিষ্যতে যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে ও পথচলতি রাস্তায় তার ব্যক্তিগত সুরক্ষার জন্য তিনি এদিন পুলিশের কাছে শরণাপন্ন হয়েছেন। তিনি ওই ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন শান্তিনিকেতন থানায়।
অন্যদিকে সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে ইমেইল মারফত শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ। জাতি বিদ্বেষ মূলক কটূক্তি ও প্রাণনাশে হুমকির অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের আধ্যপক সুমিত বসুর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন আধ্যপক সুমিত বসু। বিশ্বভারতীর উপাচার্য তৈরি 'গ্যাগ' নামক প্রথার জন্য সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ আধ্যপক সুমিত বসু।
বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ অভিযোগ পত্রে লিখেছেন যে, তার পড়াশুনা শেষ করার হুমকি দিয়েছেন সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু। একই সাথে জাতিগত বিদ্বেষ মূলক কটূক্তি ও প্রাণনাশে হুমকি দেন বলে অভিযোগ করেছেন।এমনকী গলায় পা দিয়ে মারার হুমকিও দিয়েছেন বলে লিখিত দিয়েছেন ছাত্র সোমনাথ।


