সোমনাথ মুখার্জি, অন্ডাল :- সামনেই বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপুজো উপলক্ষে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোর সকলের জন্যই সর্বপ্রথম ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। কিন্তু বিক্ষোভের জেরে পুজো কমিটির দেওয়া তালিকা বাতিল হয়ে গেল সাময়িকভাবে । ঘটনাটি ঘটেছে অণ্ডালের উখরা আনন্দমোড় উপস্বাস্থ্যকেন্দ্রে ।
পুজো কমিটির সদস্য অমিয় ব্যানার্জি জানান ,পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার উখরার আনন্দ মোড় উপস্বাস্থ্যকেন্দ্রে পুজো কমিটির লোকেদের কভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । অমিয়বাবু জানান কিন্তু হঠাৎ সেই এলাকার পঞ্চায়েত সদস্য কমলাকান্ত ব্যানার্জি মহাশয় এসে ঝামেলা পাকায় ,এবং ঝামেলার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান উখরার উপপ্রধান রাজু মুখার্জি।তিনি জানান,ভ্যাকসিন নিয়ে ঝামেলার খবর পেয়ে তিনি এখানে এসেছেন এবং যাতে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই সুস্থভাবে ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়া চালু করা যায় তার ব্যবস্থা করবেন।
অন্যদিকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পিছনে যুক্তি হিসাবে পঞ্চায়েত সদস্য কমলাকান্ত ব্যানার্জি জানান ,গত দু মাস ধরে পুজো কমিটির লোকেরা ভ্যাকসিন নিচ্ছেন কত এমন পুজো কমিটির লোক আছে যে দুমাস ধরে ভ্যাকসিন চলছে ? কমলাকান্ত বাবুর অভিযোগ পুজো কমিটির লোকেরা কমিটির নাম করে বাইরের থেকে লোকেদের নাম তালিকাভুক্ত করে ভ্যাকসিন দেওয়াচ্ছেন।
কমলাকান্ত বাবু জানান বৃহস্পতিবার আনন্দ মোড় উপস্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে শুনে এলাকার প্রচুর মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় করেন। তিনি জানান প্রথমে এলাকার সাধারণ মানুষরা ভ্যাকসিন নেবেন তারপর অন্য কেউ । এই টানাপোড়েনের জেরে বিক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। ফলে সাময়িকভাবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হয় ।
ঘটনায় উত্তেজনা বাড়ায় শেষ পর্যন্ত আসতে হয় অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশকে । সেই ঘটনায় পুজো কমিটির সদস্যরা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে তাদের অভিযোগ জানাবার জন্য যান । পুজো কমিটির সদস্য স্বপন কুণ্ডু জানান ,তাঁদের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যের তোলা অভিযোগ একেবারে ভিত্তিহীন এ পর্যন্ত উখরার মোট এগারোটি পুজো কমিটির মোট তিনশো একান্ন জন সদস্যের মধ্যে এখনো বাকি ১২৩ জন ।
আরো পড়ুন:- এবার বিশ্বভারতীর উপাচার্যের অপসারণের দাবি তুললো 'বিশ্বভারতী শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ'ব্লক স্বাস্থ্য আধিকারিক পুজো কমিটির সদস্যদের খুব শীঘ্রই তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে আশ্বাস দেন। শেষমেশ পুজো কমিটির সদস্যদের ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করেই এলাকার ১২ বছরের নিচে সন্তানের মায়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো ।
